নেট্রাম মিউর ( Natrum Mur )
নেট্রাম মিউর হোমিওপ্যাথিক চিকিৎসাক্ষেত্রে একটি স্ফটিক-স্তম্ভ । সূক্ষ্ম ক্রিয়ার অসাধারণ গুণে বহুবিধ কঠিন ও জটিলরোগ ইহা দ্বারা এত শীঘ্র ও নির্মল আরোগ্য হয় যে, অনেক সময় হোমিওপ্যাথিক চিকিৎসকদলই বিস্মিত হয় । তবে স্মরণ রাখিবে যে, কেবল স্বল্পমাত্রায় প্রযুক্ত হইয়া ইহা এইরূপ অনির্বচনীয় গুণসমষ্টির আধার হয় না – ইহার অন্তনিহিত সূক্ষ্মক্রিয়া ট্রাইটুঁরেসন বা ডাইলিউসন যোগে আবির্ভূত হইয়াই এইরূপ বিস্ময়জনক ভেষজক্রিয়া প্রকাশ করিতে সক্ষম হয় ।
★ বিশেষ – লক্ষণ ( Characteristic Symptoms ) ★
★★ হৃৎপিণ্ড ও নাড়ীর স্পন্দন সবিরাম বা অনিয়মিত – বিশেষতঃ বামপার্শ্ব চাপিয়া শুইয়া থাকিলে ( Irregular intermission of the beating of the heart and pulse – especially when lying on left side ) ।
★★ রীতিমত আহার সত্ত্বেও শীর্ণ ( রোগা ) হইয়া যাওয়া ( এই লক্ষণ আয়োডিয়ামে আছে ) [ Losing flesh even while living well ] ।
★★ শিশুদিগের গলা ও ঘাড়ে শীর্ণতা – বিশেষতঃ গ্রীষ্মকালীন উদরাময় রোগে ভুগিলে ।
★★ নখ আলগা হওয়া, নখের ধারের চর্ম শুষ্ক ও ফাটা ফাটা ।
★★ মলদ্বারে হার্পিস নামক চর্মরোগ ( Herpes around the anus ) । হাঁটুর খাঁজের ভিতর ঐরূপ চর্মরোগে - হিপার ( In bend of knees – Hepar ) ।
★★ সর্দি প্রবণতার আধিক্য বা সামান্য কারণে সর্দি হওয়া ( Great liability to take cold ) ।
★★ অধিক শারীরিক পরিশ্রম করিলে গায়ে আমবাতের মত নেটস-র্যাস বাহির হয় ও অত্যন্ত চুলকায় ।
★★ রাত্রে চোর ডাকাতের স্বপ্ন দেখে, এমন কি ভালরূপ বাড়ি অনুসন্ধান না করিলে সে সন্দেহ যায় না । ( সোরিনামে – চোর ডাকাতের ভয় ) ।
★★ নিদ্রাবস্থায় শয্যা হইতে উঠিয়া বেড়ান ।
★★ জিহ্বা অত্যন্ত শুষ্কবোধ হওয়া অথচ তত শুষ্ক দেখায় না – সেই সঙ্গে অসহনীয় পিপাসা ।
★★ অত্যন্ত ক্ষুধাবোধ কিন্তু খাইতে অনিচ্ছা, রুটি ভালবাসিলেও তাহার উপর বিশেষ বিতৃষ্ণা ।
★★ মাথা-ব্যথায় যেন মাথা ফাটিয়া যায় – ঘাড়ের ভিতর এবং বক্ষস্থলে পর্যন্ত দপদপ করা বা খোঁচাব্যথা । সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত এইরূপ মাথা-ব্যথার বৃদ্ধি । ঋতুস্রাবের পূর্বে ও পরে এবং ঋতুকালে ঐরূপ মাথাব্যথার সহিত মস্তকে উত্তাপ, মুখ আরক্তিম, বমনোদ্রেক ও বমি । কিন্তু জ্বরকালীন ঐ সকল লক্ষণ ও মাথায় হাতুড়ী মারার মত বেদনা – ঘর্ম হইলে ঐ মাথাব্যথা এবং অন্যান্য লক্ষণের অল্প অল্প করিয়া হ্রাস হওয়া ।
★★ প্রতিদিন প্রাতে নিদ্রাভঙ্গের পর মাথাব্যথায় যেন মাথা ফেটে যায় বোধ হয় ( Every morning bursting headache on awaking ) ।
★★ অত্যন্ত ক্রন্দনেচ্ছা – তৎসহ দুর্বলতা ও অতিশয় তৃষ্ণা ।
★★ আহারের পর অজীর্ণ-জনিত গলা ও বুক-জ্বালা ।
★★ অত্যন্ত লবণ খাইবার ইচ্ছা ।
★★ কোষ্ঠবদ্ধ – বোধ হয় যেন মলদ্বার আঁটিয়া রহিয়াছে, অতি কষ্টে মল বাহির হয়, মলদ্বার ছিঁড়িয়া রক্ত বাহির হয় ও অত্যন্ত টাটাইয়া থাকে ।
★★ অসাড়ে মল নির্গমন – মল কিংবা বায়ু নিঃসরণ হইবে তাহা ঠিক করা কঠিন । [ এই লক্ষণ এলোজ ও পডোফাইলামে আছে , মলদ্বারে ছুঁচ ফোটানোর ন্যায় বেদনা – এই লক্ষণ অ্যাসিড নাইট্রিকে আছে ]
★★ ক্রোধ, টক খাদ্যাহার, রুটিভক্ষণ, কুইনাইন সেবন এবং কষ্টিক দ্বারা পোড়ান-হেতু নানাবিধ পীড়ায় ইহা উপযোগী ।
★★ যে সকল স্ত্রীলোকের ঋতু বিলম্বে দেখা দেয় ও প্রতিবার পরিমাণে কমিয়া আসে এবং প্রতিদিন যাহাদের শিরঃপীড়া হইয়া নিদ্রাভঙ্গ হয় – তাহাদের পক্ষে এই ঔষধ অতীব উপযোগী ।
★★ ঋতুকালীন অতিশয় বিমর্ষতা ।
★★ প্রতিদিন প্রাতে নিদ্রাভঙ্গের পর যোনিদ্বারে ভারবোধ ও সব বাহির হইয়া আসিতেছে এইরূপ বোধ এবং পাছে ইউট্রাসের প্রোল্যাপস হয় সেই জন্য ( শায়িত থাকিলেও ) উঠিয়া বসিতে বাধ্য হয় । ( এই লক্ষণ সিপিয়া এবং লিলিয়মে আছে ) ।
★★ ঈষৎ সবুজবর্ণের প্রদর-স্রাব – বিশেষতঃ প্রাতঃকালে বেড়াইবার সময়ে দেখা দেয় ।
★★ যোনির উপরস্থ চুল উঠিয়া যাওয়া – নব-প্রসূতি স্ত্রীলোকদের যোনি স্পর্শনে চুল উঠা ( জ্বরের পর এইরূপ চুল উঠিলে লাইকোপোডিয়াম উপযোগী ) । [ The hair falls out when touched in nursing women – after fevers –Lyco . ]
★★ যোনির ভিতরদেশ শুষ্ক, সেই জন্য রতিক্রিয়ায় কষ্টানুভব ।
★★ চক্ষু হইতে অজস্র অশ্রুপতন – বিশেষতঃ কাশিলে অশ্রুজল গণ্ডস্থল গড়াইয়া পড়ে ।
★★ বেড়াইবার সময়, কাসিবার সময় ও হাসিবার সময় অসাড়ে মুত্রত্যাগ, আবার অন্য কেহ উপস্থিত থাকিলে প্রস্রাব-ত্যাগে বিলম্ব হয় – এমন কি অনেকক্ষণ বসিয়া থাকিলে তবে প্রস্রাব নির্গত হয় । ( Urine involuntary when walking, coughing, laughing, has to wait for a long time if others are present ) । { কাশির ধমকে প্রস্রাব হইয়া পড়া – কষ্টিকাম, রিউমেক্স ও সিলার অধিকতর নির্দিষ্ট } ।
★★ সবিরাম-জ্বরে – শীতই প্রবল, দেহাভ্যন্তরে শীতবোধ ও সেই সঙ্গে হাত পা ঠাণ্ডা, বেলা ১০/১১ টার সময় শীত করিয়া জ্বর । শীত ও উত্তাপাবস্থায় পিপাসা প্রবল, পিপাসায় অধিক পরিমাণে জল পান করে, গাত্র উত্তপ্ত হইলে ভয়ানক মাথাব্যথা, ঘর্ম হইলে অল্প অল্প করিয়া মাথাব্যথার উপশম । সবিরাম জ্বর, একদিন অন্তর পালাজ্বর, প্লীহা-যকৃৎ-সংযুক্ত জ্বর প্রভৃতি সকল রকম জ্বর ১০ হইতে ১১ টার মধ্যে আসে । ( অন্য সময়ে জ্বর আসিলেও উহা উপকারী ) ।
★★ সবিরাম-জ্বরে ঠোঁটে মুক্তার মত ফোস্কা ( জ্বর ঠুঁটো ) বাহির হয় । ( Fever blisters cover the lips like pearls ) ।
★★ সবিরাম-জ্বর – বিশেষতঃ বহুদিনের ( অসাধ্য ) পীড়ায় – কুচিকিৎসা বা অতিরিক্ত কুইনাইন সেবনের পর অত্যন্ত দুর্বলতা – জ্বর অবস্থায় মস্তিস্কে রক্তাধিক্য, অত্যন্ত পিপাসা ও ঠোঁটে জ্বরঠুঁটো বাহির হইলে এই ঔষধ উপযোগী ।
★★ [ নেট্রাম মিউরের নিন্ম শক্তি অপেক্ষা উচ্চ শক্তি প্রুভিং দ্বারা বিবিধ লক্ষণ প্রকাশিত হইয়াছিল এবং নেট্রাম মিউরের উচ্চ শক্তি অধিকতর কার্যকরী ইহা সর্বদা স্মরণ রাখিবে । নেট্রাম ব্যবহারের পর আর্জেন্ট মেট ও এপিস অধিক কার্যকরী – সেইজন্য ঐ দুই ঔষধকে নেট্রামের কমপ্লিমেন্টারি ঔষধ বলে । ফলতঃ আর্জেন্ট মেট সময়ে সময়ে আবার নেট্রামের অ্যান্টিডোট রুপেও ব্যবহৃত হয় ] । ★★

